বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ ও কর্মক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সন্তানদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন এমন একটি সুদৃঢ় ঈমান, মূল্যবোধ ও জীবনদর্শন, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কল্যাণের পথে পরিচালিত করবে। আকিজ ফাউন্ডেশন মাদরাসা কেরাণীগঞ্জ এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রায়াস চালায়, যেখানে কুরআন-সুন্নাহর জ্ঞান, ইসলামী মূল্যবোধ ও উন্নত চরিত্রের সঙ্গে আধুনিক জ্ঞান, সৃজনশীলতা ও প্রয়োজনীয় দক্ষতার সমন্বয় ঘটবে।
আমরা এমন সন্তান গড়ে তুলতে চাই, যারা কথা বলার সময় আল্লাহ ও রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশনাকে সামনে রাখবে, যাদের আলোচনা ও চিন্তার সূচনা হবে কুরআন-সুন্নাহর আলোকে; যারা মিহরাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত ও সালাত আদায়ে অভ্যস্ত হবে; যারা বাবা-মায়ের চোখের শীতলতা এবং পরিবারের জন্য প্রশান্তির কারণ হয়ে উঠবে। একই সঙ্গে তারা জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও দায়িত্ববোধে নিজেদের এমনভাবে প্রস্তুত করবে, যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের এমন ঈমানদার, চরিত্রবান, যোগ্য ও কল্যাণমুখী মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন এবং তাদেরকে দ্বীন, দেশ ও মানবতার জন্য কবুল করুন। আমীন।
আকিজ ফাউন্ডেশন মাদরাসা কেরাণীগঞ্জ-এ আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ কাঠামো অনুসরণ করা হয়। প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ইংলিশ ভার্সন এবং পরবর্তী শ্রেণিগুলোতে বাংলা ভার্সনে পাঠদান করা হয়।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড তথা আলিয়া মাদরাসা কারিকুলাম অনুযায়ী একাডেমিক শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করার সুযোগ রয়েছে। পূর্ণ কুরআন হিফয বাধ্যতামূলক নয়; বরং শিক্ষার্থীর মেধা ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ হিফযের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
মাতৃভাষা চর্চার পাশাপাশি কুরআন-হাদিস ভালোভাবে বুঝতে পারা ও আল্লাহর সাথে সালাতে কথোপকথনের জন্য আরবি ভাষায় এবং আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া এবং অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ শ্রেণিকক্ষ। এর মাধ্যমে পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করা হয়।
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষগুলো বিভিন্ন লার্নিং রিসোর্স ও শিক্ষা উপকরণে সমৃদ্ধ। প্র্যাকটিক্যাল ও বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শেখার সুযোগ থাকায় অর্জিত জ্ঞান আরও সহজে অনুধাবন ও দীর্ঘস্থায়ী হয়।
ইসলামি জ্ঞানকে শুধু পাঠ্যবিষয়ে সীমাবদ্ধ না রেখে তা বাস্তব জীবনে চর্চার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের আমলি পরিবেশ নিশ্চিত করতে রয়েছে আমলি চেকলিস্ট—নিয়মিত কুরআন তিলাওয়াত, সালাত আদায়, সাদকা, মিসওয়াক, সালাম প্রদান এবং পিতামাতাকে দৈনন্দিন ছোট ছোট কাজে সহযোগিতাসহ বিভিন্ন নেক আমলের অনুশীলন। পাশাপাশি ইসলামি পরিবেশ নিশ্চিত করতে ছেলে-মেয়েদের পৃথক শ্রেণিকক্ষ এবং নির্ধারিত শ্রেণির পর পৃথক ক্যাম্পাসের ব্যবস্থা রয়েছে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, দক্ষতা ও শারীরিক সক্ষমতা বিকাশে একাডেমিক কম্পিটিশন, প্রজেক্টভিত্তিক শিক্ষা, সায়েন্স ফেয়ার, ম্যাথ অলিম্পিয়াড, খেলাধুলা, শরীরচর্চা ও নিয়মিত অ্যাসেম্বলিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর নিরাপত্তা, সুস্থতা, সৃজনশীলতা ও সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজন একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ। এ লক্ষ্যেই আকিজ ফাউন্ডেশন মাদরাসা কেরাণীগঞ্জ-এ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
কারিকুলাম, ভর্তি ও যোগাযোগের সব তথ্য সুবিধামতো এক জায়গায় সাজানো।
যোগাযোগ করুন